যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক.-এর ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৮ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১১ আগস্ট) নিউইয়র্কের এলমহার্স্টে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ও প্রার্থীদের জন্য বিস্তারিত বিধিমালা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের তফসিল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার বদরুল এইচ. খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তারাও অংশ নেন।
মনোনয়ন বিতরণ ২৫ আগস্ট, চূড়ান্ত তালিকা ৪ সেপ্টেম্বর
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে মনোনয়নপত্র বা নমিনেশন প্যাকেজ বিতরণ করা হবে।
প্রার্থীদের পূরণ করা মনোনয়নপত্র ৩০ আগস্ট রোববার বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে উডসাইডের কুইন্স প্যালেসে জমা দিতে হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়।
প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি বা আপিল থাকলে ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে তা দাখিল করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।
২১ পদে হবে নির্বাচন
এবার বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পদগুলোর মধ্যে রয়েছে—সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, জনসংযোগ ও প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, ক্রীড়া ও বিনোদন সম্পাদক, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং যুব ও আইটি বিষয়ক সম্পাদক। এর বাইরে ছয়টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
ভোটকেন্দ্রের স্থান পরে জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মনোনয়ন প্যাকেজের মূল্য ৫০০ ডলার
নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ৫০০ ডলার দিয়ে মনোনয়ন প্যাকেজ সংগ্রহ করতে হবে। এই অর্থ ফেরতযোগ্য নয়। নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের কার্যালয় বা কমিশনারদের কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে প্যাকেজ সংগ্রহ করা যাবে।
তবে সংশ্লিষ্ট পদের মনোনয়ন ফি কত হবে, তা মনোনয়ন প্যাকেজে উল্লেখ থাকবে। মনোনয়ন বাবদ জমা দেওয়া অর্থও ফেরতযোগ্য নয়। অর্থ প্রদানের ক্ষেত্রে পোস্টাল মানি অর্ডারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে কমিশন; বিশেষ পরিস্থিতিতে নগদ অর্থ গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্রে অবশ্যই কমিশনের মূল স্বাক্ষর থাকতে হবে। ফটোকপি করা মনোনয়ন ফরম গ্রহণ করা হবে না।
প্রত্যেক মনোনয়নপত্রের সঙ্গে নির্ধারিত ফি, ছবি এবং গ্রহণযোগ্য পরিচয়পত্রের কপি দিতে হবে। পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন কার্ড অথবা পাসপোর্টের কপি গ্রহণযোগ্য হবে।
প্রার্থী নিজে মনোনয়ন জমা না দিলে তার প্রতিনিধি বা এজেন্টকে প্রয়োজনীয় হলফনামা ও নোটারাইজড কপি জমা দিতে হবে।
সভাপতি-সাধারণ সম্পাদক পদে বাড়তি শর্ত
কার্যনির্বাহী কমিটির যেকোনো পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে টানা অন্তত দুই ক্যালেন্ডার বছর বাংলাদেশ সোসাইটির ‘মেম্বার ইন গুড স্ট্যান্ডিং’ হতে হবে এবং বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের জন্য রাখা হয়েছে আরও কঠোর যোগ্যতার শর্ত। এ দুই পদে প্রার্থী হতে হলে নির্বাচনী বছর পর্যন্ত টানা অন্তত তিন ক্যালেন্ডার বছর সংগঠনের সদস্য হিসেবে গুড স্ট্যান্ডিংয়ে থাকতে হবে।
এ জন্য বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক অথবা কোষাধ্যক্ষের কাছ থেকে সদস্যপদের অবস্থানসংক্রান্ত নোটারাইজড প্রমাণপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।
এ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে টানা দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করা যাবে না।
সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত ব্যক্তিরা বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালনকালে অন্য কোনো সংগঠনে একই পদে থাকতে পারবেন না। এ বিষয়ে প্রার্থীদের নোটারাইজড হলফনামা জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।
এই তিনটি পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হতে হবে। প্রার্থী নিজে মনোনয়ন জমা দিলে রেসিডেন্সি স্ট্যাটাসের মূল নথি ও একটি কপি কমিশনের সামনে উপস্থাপন করতে হবে। প্রতিনিধি মনোনয়ন জমা দিলে নথির সত্যতা নিশ্চিত করে হলফনামা ও নোটারাইজড কপি দিতে হবে।
নোটারি ছাড়া মনোনয়ন বাতিল
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্রের নির্ধারিত অ্যাফিডেভিট অংশ পূরণ ও নোটারি করা বাধ্যতামূলক। নোটারি ছাড়া জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
একইভাবে অসম্পূর্ণ মনোনয়নপত্রও বাতিল করা হবে। এ ক্ষেত্রে জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে না।
এ ছাড়া নির্বাচনের আগের সাত বছরের মধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল কোর্টের ফৌজদারি রায় থাকলে তিনি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না।
ভোটার তালিকা সংশোধনের শেষ সময় ২৩ আগস্ট
ভোটার তালিকায় কোনো ভুল বা অসঙ্গতি থাকলে সদস্যদের বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উপযুক্ত কাগজপত্রের ভিত্তিতে ভোটার তালিকার ভুল সংশোধনের দায়িত্ব থাকবে বর্তমান কার্যনির্বাহী কমিটির ওপর। কোনো সংশোধন করা হলে তা ২৩ আগস্ট রোববারের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।
এর পর ভোটার তালিকায় আর কোনো সংশোধন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কমিশন।
বিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা
নির্বাচনী বিধি বা বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র লঙ্ঘন করলে নির্বাচনী প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে।
গঠনতন্ত্র বা নির্বাচনী বিধিতে কোনো বিষয় অস্পষ্ট, অনির্ধারিত কিংবা পরস্পরবিরোধী হলে প্রয়োজন অনুযায়ী নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে কমিশন। প্রয়োজনে প্রকাশিত শর্ত সংশোধন বা অতিরিক্ত বিধান সংযোজনের ক্ষমতাও কমিশনের হাতে থাকবে।
নির্বাচনসংক্রান্ত চিঠিপত্র, নোটিশ, ঘোষণা এবং বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের দায়িত্বও পালন করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সোসাইটি ইনক. একটি নট-ফর-প্রফিট ও ট্যাক্স-এক্সেম্পট সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এবারের নির্বাচন ঘিরে মনোনয়ন বিতরণ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পর্যন্ত চলবে প্রায় দেড় মাসের নির্বাচনী কার্যক্রম। এরপর ১৮ অক্টোবর ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নেবেন সোসাইটির ভোটাররা।





